জীবন জীবিকার গল্প . . .

তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে
মনু মিয়া তার ছিন্ন কালো ছাতাটি বোগল দাবা করে
বাড়ীর উদ্দেশ্য হাটা দেয়; এই আমাদের জীবন . . .

Happy new year 2020 . . .

I wish you to a wonderful new year and your dreams come true. For my part, I will do my desire of the mind to fight forward, to continue the struggle will be more focused. Welcome to new year 2020 . . .

Old Dhaka / Bangladesh

January, 2020

© MONIRUL ALAM

জন্ম সনদের যোগ . . .

ছবি: মনিরুল আলম

জ্যোতিষ শাস্ত্রে মানুষের যে ভুগোল লেখা থাকে, তা আমার কখনো দেখা হয়ে উঠেনি; দেখা হয়ে উঠেনি আকাশমন্ডলের সেই সব— জ্যোর্তিময় গ্রহ, নক্ষত্রদের ! অথচ কোন এক শুক্লা তিথিতে জন্ম নেওয়া গাছটির সাথে, আমার জন্ম সনদের যোগ খুঁজে পাওয়া গেছে—সেই কবে থেকে . . .

পুরান ঢাকা / বাংলাদেশ

বাবা— তোমার জন্য ভালোবাসা . . .

আজকের আকাশে কোথায়ও চাঁদটাকে খুঁজে পেলাম না, আকাশের দিকে তাকিয়ে থেকে অসংখ্য তারা দেখলামতারা মিটিমিট করে জ্বলছে . . .

এটা প্রকৃতির নিয়ম বাবা-মা তাদের সন্তানকে প্রচন্ড ভালোবাসে । যা সন্তানের জন্য অমূল্য সম্পদ । আমাদের বাবা তার তিন সন্তানকে প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু আমাদের বাবার ক্ষেত্রে সেই ভালোবাসার বহিঃপ্রকাশটা ছিল, যতোটানা প্রকাশ্যে তার চেয়ে অনেক বেশী ছিল—অন্তরের । এমনিতেই বাবা খুব কম কথা বলতেন, চুপচাপ থাকতে পছন্দ করতেন ।

আমি ছোট বেলায় খুব দুরন্ত ছিলাম, বাবা’কে খুব ভয় পেতাম ! যতোটা না ভয় পেতাম মা’কে । মাথার মধ্যে বুদ্ধি আটতাম কি করে তাকে ফাঁকি দেওয়া যায় ! আজ এই সময়ে এসে ভাবি, বাবাটাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন ! বাবা, সন্ধ্যা তারার দেশে দিয়েছেন— অন্তহীন ঘুম !

আজ আমাদের বাবার ২৯তম মৃত্যু বাষির্কী। আমাদের পরিবারের প্রায় সবাই হিজুলিয়াতে গেছেন। সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে । আমাদের যাওয়া হয়ে উঠেনি, আমাদের মেঘ ( ছোট বাবা ) স্কুলে স্কুলে ভর্তি যুদ্ধ পরীক্ষায় লিপ্ত হয়েছে । তাকে নিয়ে আমরা এ স্কুল ও স্কুল দৌড়ে বেড়াচ্ছি ।

মনটা বিষন্ন থাকায় রাতের বেলায় ছাঁদে উঠলাম। খানিকটা চুপচাপ বসে থেকে, বাবার সঙ্গে আমার কিছু স্মৃতি মনে করার চেষ্টা করলাম । পেশায় আইনজীবি হওয়ায় দিনের বেলা তার সময় কাটতো আদালত পাড়ায়। সন্ধ্যার পর থেকে মধ্যরাত অবধি তার চেম্বারে । অনেক রাত জেগে কাজ করতেন, মাঝে মাঝে ছাঁদে পায়চারি করতেন ! রাত গভীর হলে ঘুমাতে যেতেন ।

আমাদের জন্য প্রত্যাশিত থাকতো ছুটির দিন গুলো, নিজে বাজার করতে খুব পছন্দ করতেন । তার পছন্দের খাবার ছিল ডিম ভাজা, ডাল আর ভাত। তার বড় একটা থালা ছিল, সেই থালাতে করে খুব মজা করে ডিম ভাজা দিয়ে ভাত মেখে আমাদের খেতে ডাকতেন । যদিও সেই দিনগুলি ছিল খুব অল্প সময়ের জন্য, তখন আমরা কেবল হইচই, স্কুল আর নানী-দাদী বাড়ী যাই—দিনমান।আহা সেই সব সময় !

আজকের আকাশে কোথায়ও চাঁদটাকে খুঁজে পেলাম না, আকাশের দিকে তাকিয়ে থেকে অসংখ্য তারা দেখলাম — তারা মিটিমিট করে জ্বলছে ! মায়ের ফোন পেলাম। মা জানালেন, হিজুলিয়াতে বাবার স্বরণে মিলাদ মাহফিলের কাজটি ভালো ভাবে হয়েছে ।

বাবা— তোমার জন্য ভালোবাসা . . .

—পুরান ঢাকা

২০ ডিসেম্বর, ২০১৯

অন্তহীন এক ঘুম . . .

বিকেলের রোদে হেঁটে যায় পথিক,—

হিজলের ছায়াতল; বুনো ঝোঁপ;

মরা খাল; সাঁকো পেরিয়ে—

নি:সঙ্গ—সেই কবরস্থান; অন্ধ পেঁচাটি

বসে আছে— নি:শব্দে;

পিতা—পিতামহ আর স্বজনেরা

দিয়েছে অন্তহীন এক ঘুম—এইখানে;

তবু এই আমি,—

অযুত প্রার্থনায় দাড়িয়ে থাকি

এক প্রসন্ন সন্ধ্যায় ।

মানিকগঞ্জ, হিজুলিয়া / ডিসেম্বর ২০১৯

প্রসন্ন সন্ধ্যায় . . .

জানি এখানেই সমাহিত হয় মৃতরা;

হারিয়ে যায়; তবু তার শেষ ঠিকানায়

এই আমি;

অযুত প্রার্থনায় দাড়িয়ে থাকি—

প্রসন্ন সন্ধ্যায় . . .

মানিকগঞ্জ, হিজুলিয়া / অক্টোবর ২০১৯

প্রার্থনার ফুল . . .

প্রার্থনার ফুল খুঁজতে বেড়িয়েছিলাম—আজ;

শহরময় অনেক ঘোরাঘুরি হলো—মানুষ দেখা হলো !

কিন্তু কোথায় খুঁজে পাওয়া গেল না সেই ফুল—প্রার্থনার ফুল;

কারা যেন এই শহরে অলিখিত ধর্মঘট ডেকেছে—আজ ।

পুরান ঢাকা / নভেম্বর ২০১৯

পাখির কঙ্কাল . . .

সেদিন—মাঠের উপর একটা পাখির কঙ্কাল পরে থাকতে দেখলাম ; পুরো শরীরটা আকাশের দিকে মুখ করে ঘাসের উপর পরে আছে—সে !

হয়তো খুঁজলে এরকম আরো কঙ্কাল পাওয়া যাবে—কোথাও ! আজকাল প্রায়ই মৃত পাখিদের কঙ্কাল মেলে —এই খানে;

ঐ যে দূরে হিজল গাছটা দাঁড়িয়ে; খুব সম্ভবত ঐ গাছটায় ছিল তার বসবাস; ছিল ঘর-সংসার;

আজ আর—নাই ।

কেরানীগঞ্জ, ঢাকা

২৬ নভেম্বর । ২০১৮

অনুভূতি . . .

স্কেচ & ছবি: মনিরুল আলম

আমি তাকে শেষ বারের মতো—বিদায় জানালাম। তার মটরসাইকেলটি তখনো শব্দ করে যাচ্ছিল। আমি বললাম, আজ বাবার কবরটা দেখতে যাব। সে আমার সঙ্গী হতে চাইলে আমি বললাম, —কবরস্থানের নির্জনতায় বাবার সাথে কিছুটা সময় একা নিরবে কাটাতে চাই !

তিনি আমাকে মটরসাইকেলে করে বাজারে নিয়ে এলেন । এটি একটি গ্রাম্য—ছোট বাজার । বাজারের চায়ের দোকানটিতে প্রবেশ করেই দুই কাপ চায়ের জন্য বলা হলো । আমি দেখলাম— বেশ বড় সাইজের তিনটি কেটলিতে চা বানানো হচ্ছে, মাটির চুলাটিতে। কেটলি তিনটি আগুনে পুড়ে পুড়ে ভিন্ন একটা রঙ ধারণ করেছে। এই দোকানটিতে যে প্রচুর চা বিক্রি হয় তা ঐ চায়ের তিনটি কেটলি দেখলে বোঝা যায়; পাশাপাশি ছোট সাইজের ১৪/১৫টি চায়ের কাপের সারাক্ষণ ঝনঝনানির শব্দে এক ধরণের মুগ্ধতা লেগে থাকে । দোকানে বসা লোকজন গরুর দুধ দিয়ে বানানো গরম গরম চায়ের স্বাদ নিতে নিতে টিভি দেখছেন, কেউ কেউ নিজেদের মধ্যে আলাপ জুড়ে দিয়েছেন। দোকানী এক গাল হেসে আমাদের বসার জায়গা করে দিলেন । বোঝা যায়; সে এই দোকানটিতে নিয়মিত চা খেতে আসেন ।

হিজুলিয়ার এই বাজারে চা-বিস্কুট খেতে খেতে সেই বিকেলে আমাদের কথোপকথন হলো—সে আমাকে অবসরে যাওয়া একজন কলেজ শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিলেন। ধীরেন্দ্র কুমার দাশ, সরকারী ঘিওর কলেজের প্রভাষক ছিলেন, বাংলা পড়াতেন। আমি তার ছবি তুলতে চাইলে সে অনুমতি দিলো । আমরা বাজারটিতে বেশ খানিকটা সময় কাটালাম—ছোট এই বাজারটি আমি ঘুরে দেখলাম; সঙ্গে থাকা ক্যামেরাটি দিয়ে বেশ কিছু ছবি তুলে রাখলাম ।

চায়ের এই দোকান ঘরটি দেখতে বেশ লম্বা আকারের, বাজারে আসা লোকজন এখানে বসে চা খায় নিয়মিত; কাজ না থাকলে টেলিভিশন দেখে দেখে সময় কাটান তাঁরা ! গ্রামের ছোট এই বাজার গুলো মনে হয় এরকম হয়; খুব বেশী মানুষের জটলা থাকে না। সবাই— সবাইকে চেনেন, জানেন । নতুন কেউ এলে কৌতুহলী হয়ে তারা তার সাথে পরিচিত হন ।

বাজারের সড়কটিকে দাড়িয়ে থাকা একটা ব্যাটারী চালিত রিক্সা আমার নজরে এলো, রিকশাটি কাঠামো গত গঠনে একটু ভিন্নতা রয়েছে ; একেবারে শহুরে রিকসার মতো না এটি। রিকশাটি খুব সুন্দর করে সাজানো। রঙ গুলো তখনো কটকট করছে। খুব সম্ভতব এটি একেবারে নতুন নামানো হয়েছে—এই সড়কে । রিকশাটির পিছনে মক্কা শরিফের ছবি আঁকা রয়েছে, আরো আঁকা রয়েছে মিনার, ফুল। রিকশাটির বডিতে লেখা রয়েছে—আল-মদিনা পাশেই একটা মোবাইল নম্বর লেখা। রিকশার চালককে খুঁজে পেলাম না, সে হয়তো রিক্সা রেখে, চা খেতে গেছেন বা অন্য কোন কাজে।

দুই তরুণকে দেখলাম তারা আখ খাচ্ছেন। বাজারটির পাশ দিয়ে বয়ে যাওয়া খালটিতে পানি কমে এসেছে, সেই কমে যাওয়া পানিতে ছোট ছোট শিশুরা মাছ ধরছে । খালের উপর ফুটে থাকা ঝাঁক ঝাঁক কচুরীপানার ফুল গুলো তখনো অনেকটা সজীব। আর কয়েকদিন পর পানি আরো শুকিয়ে গেলে—তারা একে একে মরে যাবে । যেমন মরে গেছে— খালটির পারে ফুটে থাকা কাশফুল গুলো । শীতের আগমনী বার্তা খুব সহজেই চোখে পরে— এখানে ।

আমাদের মটরসাইকেলটি আবার চলতে শুরু করলো; মটর সাইকেলের পিছনে বসে আমি দেখলাম, আল-মদিনা লেখা রিকশাটি দুইজন যাত্রী নিয়ে এক রকম ছুটে চলছে সড়কটি দিয়ে ।

আমি তাকে শেষ বারের মতো—বিদায় জানালাম। তার মটরসাইকেলটি তখনো শব্দ করে যাচ্ছিল। আমি বললাম, আজ বাবার কবরটা দেখতে যাব। সে আমার সঙ্গী হতে চাইলে আমি বললাম, —কবরস্থানের নির্জনতায় বাবার সাথে কিছুটা সময় একা নিরবে কাটাতে চাই !

গুড়ি-গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে আমি হেঁটে চললাম—কবরস্থানের দিকে . . .

অক্টোবর ২০১৯ / হিজুলিয়া, বাংলাদেশ

মেঘের প্রথম কোরআন শরিফ পাঠ . . .

কোরআন শরিফ হাতে মেঘ, আগষ্ট ২০১৯ পুরান ঢাকা, লক্ষীবাজার। ছবি : মনিরুল আলম

মেঘ—সকালবেলা ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে রেডি হয়ে বসে আছে হুজুরের জন্য। আজ সে— নীল একটা পাঞ্জাবি আর সাদা পায়জামা পড়েছে । পাঞ্জাবির সাথে মিলিয়ে নীল রঙের একটা টুপি। আজ তার প্রথম কোরআন শরিফ পাঠ শুরু । এতোদিন সে কায়দা, আমপারা পড়ে শেষ করেছে ।

তার মা বললো, মেঘ— আয় তোকে ঠি ক মতো ওজু শিখিয়ে দিই— ঠি ক করে ওজু করে নে। কোরআন শরিফ সব সময় পাক-পবিত্র হয়ে পড়তে হয় । দাদীকে সালাম করে এসো। নতুন কোরআন শরিফ পড়া শুরু করলে মুরুব্বীদের দোয়া নিতে হয় ।

মেঘ আমাকে এসে বলে; বাবা ঘুম থেকে তাড়াতাড়ি উঠো ! আমি ঘুম জড়ানো কন্ঠে বললাম, কেন কি হয়েছে ? সে বলে আম্মী বলেছে—তোমাকে পাঁচ কেজি রসোগোল্লা কিনে আনতে। আজ বাসার সবাইকে রসোগোল্লা খাওয়ানো হবে। আমি তাকে বললাম, তুমি যাওতো এখন; দেখি আমি বিকেলে নিয়ে আসবো ।

বাপ-বেটা মিলে গতকাল বাংলাবাজার গিয়েছিলাম কোরআন শরীফ কিনতে । লিয়াকত এভিনিউ মার্কেটের জাহানারা বুক হাউস থেকে নাদিয়াতুল কুরান প্রকাশনীর একটা নাদিয়া সহীহ কোরআন শরিফ কেনা হলো। আজ থেকে তার কোরআন পাঠ শুরু হলো ।

সকলে মেঘের জন্য দোয়া করবেন। সে যেন ভালো ভাবে তার কোরআন পাঠ শেষ করতে পারে . . .

২ আগষ্ট ২০১৯

পুরান ঢাকা, লক্ষীবাজার