ছবিটি ১৮ নভেম্বর, ২০১১ সালে পুরান ঢাকার পোস্তগোলা শশ্মান ঘাট থেকে রাত ১টার দিকে তুলি । বিপ্লব ঘোষ বাবু —আমাদের খুব ভালো বন্ধু ছিল । ছোট বেলায় আমাদের এক সাথে বেড়ে উঠা, একই এলাকায় বসবাস । বাবু—এক মটর সাইকেল সড়ক দূর্ঘটনায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় । আমরা বন্ধুরা ওর অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলাম । সেই সময়ে আমি আমার ক্যামেরা Canon G12 দিয়ে ছবি তুলেছিলাম। আজ সেই সব স্মৃতি হয়ে আছে । প্রিয় এই বন্ধুটিকে আমরা কেউ ভুলে যাইনি । বাবু’কে অনেক অনেক ভালোবাসা ।
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ( বিপিএস ),পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া একাডেমী অতপর প্রথম আলো সংবাদপত্র— ফটোগ্রাফী নিয়ে কতো কতো স্মৃতি আর ঘটে যাওয়া ঘটনার এক জন প্রত্যক্ষ স্বাক্ষী—এই সব নিয়েই—ছবি এবং ছবির ভাষ্য ।
ছবি :মনিরুল আলমছবি:মনিরুল আলম
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী আজ ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। কিন্তু সমাধিসৌধে কবির ‘বিদ্রোহী’ কবিতাটির একটি চরণের একটি শব্দ ভুল বানানে লেখা আছে।
সমাধিসৌধে প্রবেশ করলেই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিছু চরণ টেরাকোটা শিল্পকর্ম দিয়ে লিখে রাখা হয়েছে। চরণগুলো হলো, ‘মহা বিদ্রোহী রণ ক্লান্ত/ আমি সেই দিন হব শান্ত/ যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাশে ধ্বনিবে না।’ এখানে বাতাস শব্দটি ভুল বানানে লেখা হয়েছে। বাতাস শব্দের বানানে ‘শ’ লেখা হয়েছে। আসলে হবে ‘স’। কবি নিজেও কবিতাটি বাতাস লিখতে ‘স’ বর্ণটি ব্যবহার করেছেন।
১৮৯৯ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নজরুল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক। বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য।
হারিয়ে যাওয়া জুয়েল লঞ্চ টারমিনালে দাড়িয়ে! ছবি:মনিরুল আলমঘূর্ণিঝড় রোয়ানুর কারণে গত শনিবার থেমে থেমে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছিল ঢাকায়। আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে হাঁটছি। সেদিন সব লঞ্চ চলাচল বন্ধ। টার্মিনালটি অনেকটাই জনশূন্য। হকারের ছুটোছুটি, হাঁকডাক নেই বললেই চলে। আমি ঘুরে ঘুরে বন্ধ টার্মিনালের ছবি তুলছিলাম।
হাঁটতে হাঁটতে চোখে পড়ল ছোট একটা জটলা। আমার কাঁধে ক্যামেরা ঝোলানো দেখে জটলা থেকে এক ব্যক্তি বললেন, ‘ভাই, একটা ছবি তুলবেন? এই ছেলেটার!’ আমি জানতে চাইলাম, ‘ঘটনা কী? ছেলেটার কী হয়েছে?’
ছবি তুলতে যিনি অনুরোধ করেছিলেন, তাঁর নাম মো. রনি। সদরঘাট লঞ্চ টার্মিনালে রুটি, বিস্কুট বিক্রি করেন। বললেন, ‘ছেলেটির নাম জুয়েল। ১৮-১৯ বছর বয়স। বেশ কয়েক বছর হলো হারিয়ে গেছে। সে মা-বাবার কাছে ফিরতে চায়। কোনো ঠিকানা বলতে পারে না, শুধু বলতে পারে, তার মামা বরিশালে তরমুজ বিক্রি করত।’
আমি জুয়েলের চোখের দিকে তাকাই। অসহায় সেই চোখের দৃষ্টি! বাবা-মার কাছে ফেরার আকুতি! এই ঝড়বৃষ্টির মধ্যে সে গাজীপুর থেকে বরিশাল যাওয়ার জন্য এসেছে। কয়েকজনের কাছে শুনেছে, সদরঘাট এলে লঞ্চে বরিশাল যাওয়া যায়।
আমি জুয়েলকে জিজ্ঞেস করি, ‘তুমি গাজীপুরে কী করতা?’ বলল, গাজীপুরে একটা হোটেলে কাজ করত। ঠিকমতো বেতন ও খাবার পেত না। বলল, ‘আমি পালাইয়া চইলা আইছি, আমার ভালো লাগে না, আমি বাবা-মার কাছে যাইতে চাই!’
বাবা-মা সম্পর্কে কিছুই বলতে পারল না জুয়েল। শুধু বলল, বাবা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে শুঁটকি বিক্রি করত।
জুয়েলের সঙ্গে আরও কথা হয়। জানতে পারি, ছয়–সাত বছর বয়সে সে বরিশাল থেকে হারিয়ে যায়। সেখানে তার মামা তরমুজ বিক্রি করত। তারপর কীভাবে ঢাকায় এসেছে জানে না। গাজীপুর এলাকায় এক মামা তাকে এক হোটেলে কাজে লাগিয়ে দেয়। সেই মামার নাম শাহাবুদ্দিন। তবে তিনি জুয়েলের আপন মামা নন। মামা গাজীপুরে জুতার দোকানে কাজ করেন।
জুয়েলকে প্রশ্ন করি, ‘এত দিন পর তোমার বাবা-মার কাছে যাইতে মন চাইল!’ জুয়েল উত্তর দেয় না। শুধু তাকিয়ে থাকে।
হকার রনি অনেক আশা নিয়ে বলেন, ‘ভাই, আপাতত ও আমার কাছে থাকব। আমার ফোন নম্বরটা রাখেন। ওর বিষয়ে কোনো খোঁজখবর হইলে আমাকে ফোন দিয়েন।’
আমি ওদের কাছ থেকে বিদায় নিই। ফিরে যেতে যেতে জুয়েলের দিকে আরও একবার তাকাই। অসহায় দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে থাকে।
তারা আজ আর মানুষ নয়—তারা আজ অন্য কিছু ; অন্য রকম !
শ্যামল কান্তি ভক্ত ; তুমি—ই সক্রেটিস;
বিনা অপরাধে; অপবাদে—রাষ্ট্র দন্ড মেনে নিয়েছ;
তুমি সক্রেটিস ; তুমি বাংলাদেশ ;
তুমি শিক্ষক—জাতীর মেরুদন্ড;
আপাততো অবস্থায় যাদের মানুষ বলে মনে হতো
তারা আজ আর মানুষ নয়—তারা আজ অন্য কিছু ; অন্য রকম !
সৃষ্টিকাল / ১৭ মে, ২০১৬
পুরান ঢাকা,বাংলাদেশ
নোট: শ্যামল কান্তি ভক্ত, নারায়ণগঞ্জের মদনপুরের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক । ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে তাকে স্থানীয় সাংসদ সদস্য একেএম সেলিম ওসমানের উপস্থিতিতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই তাকে কান ধরে উঠবস করানো হয় । এই অসভ্যতার ঘটনাটি ঘটে গত ১৩ মে, শুক্রবার, ২০১৬ । চূড়ান্ত অসভ্যতা, বর্বরতা ও বেআইনি ঘটনাটি বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে, সাধারন মানুষ এর তীব্র প্রতিবাদ জানান । শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঘটনাটি নিন্দা জানিয়ে তদন্ত করে করণীয় ঠিক করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ।
বাবার জন্ম দিনে ছোট মেঘের—অসাধারন উপহার ! মেঘ’কে জিজ্ঞেস করলাম, বাবা তুমি আমাকে জন্মদিনে কি উপহার দিবা ? ছেলে আমার চটপট উত্তরে বলে—বাবা আমি তোমার জন্মদিনে আমার আঁকা একটা ছবি উপহার দিব, আমি বল্লাম ঠিক আছে বাবা, আমার সামনে বসে একে দিতে হবে । সে ছবি আঁকার নানা সরঞ্জাম নিয়ে বসে গেল—জলরঙে আঁকা তার প্রথম ছবি ! ক্ষুদে এই মানুষটির কাছে থেকে এই উপহার পেয়ে আমি মহা খুশি। তাকে অনেক অনেক আদর . . .