আমার প্রিয় সেন্ট গ্রেগরিজ স্কুল . . .

আজ— হঠাৎ করেই ( ঢেউ ) মেয়েকে নিয়ে আমার প্রিয় সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজে (এখন কলেজও হয়েছে) ঘুরতে গিয়ে যেন স্মৃতির এক অদৃশ্য দরজা খুলে গেল !

স্কুলের প্রতিটি করিডোর, প্রতিটি ক্লাসরুম, মাঠের সেই পরিচিত কোণগুলো—সবকিছু যেন আমাকে টেনে নিয়ে গেল আমার শৈশব আর কৈশোরের দিনগুলোর কাছে।

মনে পড়ে গেল মাঠের কোণে আমাদের ধর্ম ক্লাস, টেবিল টেনিস কোর্ট, হ্যান্ডবল কোর্ট, বাস্কেটবল কোর্ট, বকুলতলার সেই পানি পান করার কল, আশুতোষ সাহা স্যারের ডিটেনশন ক্লাস, ব্রাদার চার্লসের সেই গণিত ক্লাস !

অবশ্য ব্রাদার হোবার্টের ক্লাস আমি পাইনি— ততোদিন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন ক্লাস খুব বেশি নিতেন না—তবে আমি যখন ক্লাস 3/4 পড়ি তখন তার সাথে কথা বলেছি, চকলেট নিয়েছি! ব্রাদার হোবার্ট অসাধারণ একজন শিক্ষক এবং ভালো মানুষ ছিলেন ।

আরো মনে পরে গেল—জন স্যার এবং আইরিন টিচার ছিলেন আমার খুব প্রিয় শিক্ষক । জন স্যারের কাছে কতবার কাঠের হলুদ স্কেলের মার খেয়েছি— তবুও তিনি আমার প্রিয় শিক্ষক ছিলেন । স‍্যার আমাকে খুব পছন্দ করতেন । কারণ আমি তখন ছিলাম ক্লাসের ফার্স্ট বয়! ঢেউ এর সাথে সেইসব গল্প করছিলাম তখন ।

ঢেউ এর সাথে আমি আমাদের সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজের সামনে ।
মে, ২০২৬ লক্ষীবাজার ঢাকা । ছবি : মনিরুল আলম

নিকোলাস রোজারিও ওয়ান স‍্যারের অসাধারণ সেইসব ক্লাস কখনো ভুলবো না ! রায়হান জামিল স্যার আমাকে একদিন খুব মেরেছিল— আমার পিঠ তখন লাল হয়ে গিয়েছিল! যদিও আমার দুষ্টুমির জন্যই সেই মার খেয়েছিলাম । ক্লাশ শেষ করে স্যার আবার আমাকে খুব আদর করেছিলো— আহা সেই সব স্মৃতি!

মনে পড়ে গেল—আমি ক্লাস ফুটবল টিমে লেফট আউট খেলতাম। জীবনের কত সরল, কত নির্মল ছিল সেই দিনগুলো। আজ এত বছর পর দাঁড়িয়ে অনুভব করলাম—একটি স্কুল কেবল পড়াশোনার জায়গা নয়; এটি একজন মানুষের স্বপ্ন, শেকড়, স্মৃতি আর মানুষ হয়ে ওঠার প্রথম পাঠশালা।

আমার জীবনের ভিত গড়ে তোলার পেছনে এই স্কুলের সকল শিক্ষক এবং ব্রাদারদের অবদান আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তাদের শিক্ষা, শাসন, স্নেহ, মূল্যবোধ আর মানবিকতাই আমাকে জীবনের পথ চিনতে শিখিয়েছে।

ঢেউ —আমাদের সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে।
মে, ২০২৬ লক্ষীবাজার ঢাকা । ছবি : মনিরুল আলম

যদিও শেষ পর্যন্ত এই স্কুলে আমার পড়াশোনা সম্পূর্ণ করা হয়ে ওঠেনি—আমি ড্রপ আউট হয়েছিলাম। তবুও আমি বিশ্বাস করি, সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ আমাকে শুধু একজন শিক্ষার্থী নয়, একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার পথ দেখিয়েছে।

এই প্রতিষ্ঠানের প্রতি তাই আমার ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা আজীবনের। লেখাটি শেষ করতে চাই রেভারেন্ড ব্রাদার জুড, সি.এস.সি.-এর একটি গভীর অনুভবের উক্তি দিয়ে—

“একজন ভালো মায়ের পরেই, একজন মানুষের একটি ভালো বিদ্যালয় নিয়ে গর্ব করা উচিত।”
— রেভারেন্ড ব্রাদার জুড, সি.এস.সি.

আই অ্যাম প্রাউড টু বি এ গ্রেগরিয়ান . . .

📷 WITNESS MY TIME
Diary / Luxmibazar May 2026
© Monirul Alam

সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজের বর্তমান মূল ভবন । মে, ২০২৬ লক্ষীবাজার ঢাকা । ছবি : মনিরুল আলম

বিদায় প্রিয় ফটোগ্রাফার— রঘু রায় . . .

Photo Courtesy: Raghurai.official

বিদায় প্রিয় ফটোগ্রাফার— রঘু রায়
( ১৯৪২-২০২৬ )

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, ফটোসাংবাদিক রঘু রাই, যিনি স্বাধীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফটোগ্রাফার হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত,পরিচিতি, এবং স্বীকৃত ছিলেন। সেই ৮৩ বছর বয়ষ্ক প্রিয় আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন । অত্যন্ত দুঃখজনক সংবাদটি শুনে আমি গভীরভাবে শোকাহত । তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

রবিবার তার পরিবার এক বিবৃতিতে রায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানায় ‘In loving memory of RAGHU RAI’ ( 18 December 1942 – 26 April 2026 )

আমার স্মৃতিতে রঘু রায় —যখন আমি আলোকচিত্রের শিক্ষার্থী ছিলাম, তখন তার ‘Calcutta’, ‘Taj Mahal’, ‘India 2001’, ‘Bhopal Gas Tragedy’, ‘Mother Teresa’ এবং ‘India Notes’-এর মতো বইগুলো দেখার সুযোগ হয়েছে। সুযোগ পেলে এখনোও তার কাজ দেখার চেষ্টা করি।

আমার বিশ্বাস, আমাদের উপমহাদেশের অসংখ্য আলোকচিত্রী তার অসাধারণ কাজের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন।

বহু বছর পর, অবশেষে তার সঙ্গে আমার সরাসরি দেখা করার সুযোগ হয়—কথা বলি, আর সৌভাগ্যক্রমে তার একটি সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতাও অর্জন করি। আজ যা পুরোপুরি—শুধুই স্মৃতি হয়ে গেলো !

Traffic At Chawri Bazar, Delhi, 1964. Copyright: Raghu Rai

ধন্যবাদ, রঘু রাই—আপনি আমাদের সামনে পৃথিবীকে তার গভীরতম রূপে উন্মোচিত করেছেন। আপনার উত্তরাধিকার আগামী প্রজন্ম আপনার কাজ দেখে অনুপ্রাণিত হবে এবং আপনার কাজ প্রতিধ্বনিত হতে থাকবে। বিদায় প্রিয় ফটোগ্রাফার . . .

WITNESS MY TIME
Diary / July 2026
Dhaka, Bangladesh
Photo Courtesy: Raghurai.official