আজ— হঠাৎ করেই ( ঢেউ ) মেয়েকে নিয়ে আমার প্রিয় সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজে (এখন কলেজও হয়েছে) ঘুরতে গিয়ে যেন স্মৃতির এক অদৃশ্য দরজা খুলে গেল !
স্কুলের প্রতিটি করিডোর, প্রতিটি ক্লাসরুম, মাঠের সেই পরিচিত কোণগুলো—সবকিছু যেন আমাকে টেনে নিয়ে গেল আমার শৈশব আর কৈশোরের দিনগুলোর কাছে।
মনে পড়ে গেল মাঠের কোণে আমাদের ধর্ম ক্লাস, টেবিল টেনিস কোর্ট, হ্যান্ডবল কোর্ট, বাস্কেটবল কোর্ট, বকুলতলার সেই পানি পান করার কল, আশুতোষ সাহা স্যারের ডিটেনশন ক্লাস, ব্রাদার চার্লসের সেই গণিত ক্লাস !
অবশ্য ব্রাদার হোবার্টের ক্লাস আমি পাইনি— ততোদিন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন ক্লাস খুব বেশি নিতেন না—তবে আমি যখন ক্লাস 3/4 পড়ি তখন তার সাথে কথা বলেছি, চকলেট নিয়েছি! ব্রাদার হোবার্ট অসাধারণ একজন শিক্ষক এবং ভালো মানুষ ছিলেন ।
আরো মনে পরে গেল—জন স্যার এবং আইরিন টিচার ছিলেন আমার খুব প্রিয় শিক্ষক । জন স্যারের কাছে কতবার কাঠের হলুদ স্কেলের মার খেয়েছি— তবুও তিনি আমার প্রিয় শিক্ষক ছিলেন । স্যার আমাকে খুব পছন্দ করতেন । কারণ আমি তখন ছিলাম ক্লাসের ফার্স্ট বয়! ঢেউ এর সাথে সেইসব গল্প করছিলাম তখন ।

মে, ২০২৬ লক্ষীবাজার ঢাকা । ছবি : মনিরুল আলম
নিকোলাস রোজারিও ওয়ান স্যারের অসাধারণ সেইসব ক্লাস কখনো ভুলবো না ! রায়হান জামিল স্যার আমাকে একদিন খুব মেরেছিল— আমার পিঠ তখন লাল হয়ে গিয়েছিল! যদিও আমার দুষ্টুমির জন্যই সেই মার খেয়েছিলাম । ক্লাশ শেষ করে স্যার আবার আমাকে খুব আদর করেছিলো— আহা সেই সব স্মৃতি!
মনে পড়ে গেল—আমি ক্লাস ফুটবল টিমে লেফট আউট খেলতাম। জীবনের কত সরল, কত নির্মল ছিল সেই দিনগুলো। আজ এত বছর পর দাঁড়িয়ে অনুভব করলাম—একটি স্কুল কেবল পড়াশোনার জায়গা নয়; এটি একজন মানুষের স্বপ্ন, শেকড়, স্মৃতি আর মানুষ হয়ে ওঠার প্রথম পাঠশালা।
আমার জীবনের ভিত গড়ে তোলার পেছনে এই স্কুলের সকল শিক্ষক এবং ব্রাদারদের অবদান আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তাদের শিক্ষা, শাসন, স্নেহ, মূল্যবোধ আর মানবিকতাই আমাকে জীবনের পথ চিনতে শিখিয়েছে।

মে, ২০২৬ লক্ষীবাজার ঢাকা । ছবি : মনিরুল আলম
যদিও শেষ পর্যন্ত এই স্কুলে আমার পড়াশোনা সম্পূর্ণ করা হয়ে ওঠেনি—আমি ড্রপ আউট হয়েছিলাম। তবুও আমি বিশ্বাস করি, সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ আমাকে শুধু একজন শিক্ষার্থী নয়, একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার পথ দেখিয়েছে।
এই প্রতিষ্ঠানের প্রতি তাই আমার ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা আজীবনের। লেখাটি শেষ করতে চাই রেভারেন্ড ব্রাদার জুড, সি.এস.সি.-এর একটি গভীর অনুভবের উক্তি দিয়ে—
“একজন ভালো মায়ের পরেই, একজন মানুষের একটি ভালো বিদ্যালয় নিয়ে গর্ব করা উচিত।”
— রেভারেন্ড ব্রাদার জুড, সি.এস.সি.
আই অ্যাম প্রাউড টু বি এ গ্রেগরিয়ান . . .
📷 WITNESS MY TIME
Diary / Luxmibazar May 2026
© Monirul Alam
